Thursday, August 23, 2012

স্নায়ুতে পৃথিবীর ভার
অগণন রোদের স্কয়ার
কারুকাজে ব্যতিব্যস্ত সীমিত সাইক্লোন
পরিশীলিত স্পর্ধার স্পাইরাল বলে
বেআইনী উড্ডয়নে কিছু বিব্রত শব্দ লিখুন

অপ্রস্তুত বৃষ্টির ফোটা কেঁপে ওঠে
স্নানরতা পত্রিকার বিচিত্র অক্ষর
ভেসে যায় উনুনের পাড় আগুনের নাও
রুগ্ন মশালের ঠোঁটে কৌতুক
অলস আঙুল বাজে যাযাবর চড়ুই শরীরে

চর্বির দেয়াল ঘেঁষে মুদির দোকান
পাইকারী বাণিজ্যের অসংলগ্ন সারি
লোমকুপে শ্যাওলার দাগ
থেকে থেকে ব্যানার ঝুলে থাকে লোমের ডগায়

লোকালয়ে মৃত প্রাচীন বটগাছ আর তার সুগন্ধী ছায়া,
লুপ্তপ্রায় কাকের প্রতাপ

কতিপয় গোলকধাঁধাঁই সম্বল সর্বশেষ
কড়ি নাই, কড়ি চাই নাই

মাননীয় থৈ থৈ স্রোত
বিবর্ণ আমার কৈফিয়ত

আপনার পরিহাসে স্বপ্ন নিলামে
সাহসের দুর্ভিক্ষ ফোটে পূর্বে পশ্চিমে

নিরিবিলি পলায়ন
স্বাক্ষর বেনামে

No comments:

Post a Comment