Friday, August 24, 2012

প্রতিনিধি তার নিয়াছে বিদায় এবং মধ্যরাত
স্বপ্নে বাতাস খেজুর গুড়ের দাগ
স্রোতহারা নদী আয়নার মত দেখায় বুকের ভাগ
পথে পথে সখা গলে গলে মিশে লিখেছে আর্তনাদ

বহুমুখী কেশ বিদ্যুতে বাঁধে বাসা
ছোটগল্পের বন্দরে ভীড়ে বিষাক্ত প্রত্যাশা
ধর্মাবতার ঘণ্টা বানায় চিরবিশুদ্ধ কাঁসা
পুরাতন ভুল নির্ঘাৎ তার ফিরে গিয়ে ফিরে আসা

মানবিক পাখি সেতুময় হাসে স্বচ্ছ বেলুন হাতে
বেদনা জমায় তাতে
সুলভ অশ্রুপাতে
বাদাম ত্বকের নেশায় পাথর শরীরের অলিগলি
জমাট মদের জঠরে তলায় প্রাকৃতিক পদাবলী
শোকাকুল কিছু সুখশীৎকার
বংশ বোঝাই সু-কুলাঙ্গার
কার্যতালিকা জ্বলে অঙ্গার
প্রতারিত পাপ কাসুন্দী ঘাঁটে
তিন কাহনের রাজ্যপাটে
গাঢ় হয় মেঘ উনুনের পাশে
লোকালয় কাঁপে প্রিয় বিশ্বাসে
চকলেটে মোড়া বিপ্লব আসে
জং-ধরা দিন-রাতে
মানবিক পাখি সেতুময় কাঁদে স্বচ্ছ বেলুন  হাতে
ছলনা জমায় তাতে

বহুমুখী কেশ বিদ্যুতে বাঁধে বাসা
ছোটগল্পের বন্দরে ভীড়ে বিষাক্ত প্রত্যাশা
ধর্মাবতার ঘণ্টা বানায় ত্রাতা-সর্বনাশা
পুরাতন ভুল আলবৎ তার ফিরে গিয়ে ফিরে আসা

প্রতিনিধি তার নিয়াছে বিদায় এবং কৃষ্ণযুগ
স্বপ্নকে দেয় অভিসম্পাত যাবতীয় প্রতিমুখ
একা মৃত নদী আয়নার মত দেখায় ভবিষ্যৎ
পথে পথে সখা বৃথা গলে মিশে লিখে গেছে বাঁধা গৎ

No comments:

Post a Comment